৮:১৬ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবার | | ৯ রমজান ১৪৪৭




ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৩৭, সিরিয়ায় ৬

২৬ মার্চ ২০২৫, ১০:০৬ এএম | মোহাম্মদ হেলাল


এসএনএন২৪ডেস্ক :ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের হামলায় নারী ও শিশুসহ আরও ৩৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন।  এ ছাড়া সিরিয়াতেও বর্বর ইসরায়েলি হামলায় প্রাণ গেছে ৬ জনের।  আজ বুধবার (২৬ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। 

অপরদিকে, মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত আরেক দেশ ইয়েমেনেও মার্কিন বাহিনীর হামলা অব্যাহত রয়েছে।  

চিকিৎসকদের বরাত দিয়ে আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, গতকাল মঙ্গলবার (২৫ মার্চ) গাজায় ইসরায়েলি বাহিনী কমপক্ষে ৩৭ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে।  নিহতদের মধ্যে অনেক শিশু এবং নারীও রয়েছেন। 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজার বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধে কমপক্ষে ৫০ হাজার ১৪৪ জন ফিলিস্তিনি নিহত এবং আরও এক লাখ ১৩ হাজার ৭০৪ জন আহত হয়েছেন। 

গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, নিহতের প্রকৃত সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়ে গেছে।  ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা হাজারো মানুষকে মৃত বলে ধরা হচ্ছে। 

এদিকে গাজা থেকে আল-জাজিরার সংবাদদাতা জানিয়েছেন, গাজা উপত্যকার মধ্যাঞ্চলে অবস্থিত আল-বুরেইজ শরণার্থী শিবিরের একটি আবাসিক অ্যাপার্টমেন্টে ইসরায়েলি বিমান হামলায় এক শিশু নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছে। 

শিশুবিষয়ক আন্তর্জাতিক সহায়তা সংস্থা সেভ দ্য চিলড্রেন বলেছে, গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনী পুনরায় যুদ্ধ শুরু করার পর এক সপ্তাহে ২৭০ জনের বেশি শিশু নিহত হয়েছে।  যুদ্ধ শুরু হওয়ার পর গত কয়েক দিন শিশুদের জন্য সবচেয়ে প্রাণঘাতী হয়ে উঠেছে। 

এ ছাড়া সিরিয়ায় ইসরায়েলের বোমাবর্ষণ অব্যাহত রয়েছে।  দেশটির ডেরায় চালানো এই হামলায় কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন।  এই হামলার নিন্দা জানিয়েছে কাতার ও সৌদি আরব। 

অন্যদিকে ইয়েমেনে মার্কিন সামরিক বাহিনী বোমাবর্ষণ অব্যাহত রেখেছে।  লোহিত সাগরের জাহাজ চলাচলে হুথিদের পুনরায় আক্রমণের হুমকির প্রেক্ষিতে মার্কিন বাহিনী ইয়েমেনের উত্তরাঞ্চলীয় সাদা প্রদেশে হামলা চালিয়ে যাচ্ছে। 

হুথি-সংশ্লিষ্ট আল মাসিরাহ টিভি জানিয়েছে, মার্কিন বাহিনী উত্তরাঞ্চলীয় সাদা প্রদেশের সাহার জেলায় দুটি অভিযান চালিয়েছে।  চ্যানেলটি একই জেলায় তিনটি হামলার খবর প্রকাশ করার কয়েক ঘণ্টা পরে সর্বশেষ অভিযানগুলো শুরু হয়। 


keya