৪:৪৯ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবার |
| ৯ রমজান ১৪৪৭

এসএনএন২৪ডেস্ক : বলিউডের জনপ্রিয় তারকা দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং গত বছর তাদের প্রথম সন্তানকে স্বাগত জানান। এই তারকা দম্পতির কোলজুড়ে আসে এক কন্যাসন্তান, যার নাম রাখা হয় দুয়া পাড়ুকোন সিং।
তবে মা হওয়ার দুই মাস পরেই দীপিকা ও রণবীরকে দেখা যায় রোহিত শেট্টির ‘সিংহম অ্যাগেইন’-এর প্রচারে। তবে শোনা যাচ্ছে, দুয়া জন্ম নেয়ার পর থেকে দীপিকা কোনো নতুন সিনেমার শুটিং করেননি। সম্প্রতি, নতুন মা হিসেবে তার কাজের জগতে ফেরা এবং ‘মম গিল্ট’ নিয়ে মুখ খুললেন তিনি।
হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়, সম্প্রতি আবুধাবিতে অনুষ্ঠিত ফোর্বস ৩০/৫০ গ্লোবাল সামিটে উপস্থিত ছিলেন দীপিকা। অনুষ্ঠানে সংবাদমাধ্যমের সামনাসামনি হয়ে তিনি বলেন, আমার মনে হয় এই মুহূর্তে আমি একজন ছোট্ট মেয়ের মা। আমি এখন এমন একটা সময় পার করছি, যেখানে আমাকে একজন মা হিসেবে আমার সময় ভাগ করে নিতে হচ্ছে। নতুন মা হিসেবে কীভাবে কাজ এবং মেয়ের যত্নের মধ্যে ভারসাম্য আনব—সেটাই খুঁজে বের করার চেষ্টা করছি। একজন নতুন মা হিসেবে আমি আমার কাজে ফিরে আসার সময়টা কীভাবে সামাল দেব আমি জানি না।
দীপিকা আরও বলেন, আমি মনে করি আমার মত হাজার হাজার মা এমন রয়েছেন, যারা সবকিছু খুব সুন্দর ভাবে সামাল দিচ্ছেন। আমিও কোনোরকম অপরাধবোধ ছাড়াই সবকিছু সামলে নিতে পারব। আমি বলছি না যে কোনও সমস্যা হবে না, হয়তো হবে কিন্তু একটা না একটা উপায় ঠিক বের করে নেব আমি।
মাতৃত্বের পর চরিত্র বাছাই করার প্রসঙ্গে অভিনেত্রী বলেন, আমার মনে হয় সচেতনভাবে না হলেও অবচেতনভাবে আমি ভবিষ্যতে যে ধরনের সিনেমা বা ভূমিকা বেছে নেব, তার প্রভাব আমার মেয়ের ওপরে অবশ্যই পড়বে, তাই আমি অবশ্যই চেষ্টা করব সচেতনভাবে চরিত্র বাছাই করার। যদিও মা হওয়ার আগেও আমি আমার চরিত্র বাছাই নিয়ে বেশ সচেতন।
প্রসঙ্গত, মা হওয়ার পর আপাতত দীপিকা বড় পর্দা থেকে দূরে রয়েছেন। তবে শোনা যাচ্ছিল, কোরিওগ্রাফার ফারাহ খানের কোরিওগ্রাফিতে পাঞ্জাবি গায়ক দিলজিৎ দোসাঁঝ-এর সঙ্গে একটি মিউজিক ভিডিয়োয় দেখা যাবে দীপিকাকে। যদিও এই বিষয় নিয়ে এখনও কথা বলতে শোনা যায়নি কাউকে।