৮:১৭ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবার | | ৯ রমজান ১৪৪৭




৭ মাস পর সহকারীর লাশ উত্তোলন, আবেগঘন পোস্টে যা বললেন অভিনেত্রী তিশা

১৩ মার্চ ২০২৫, ১০:৩২ এএম | মোহাম্মদ হেলাল


এসএনএন২৪ডেস্ক:  মুন্সিগঞ্জের শ্রীনগরে দীর্ঘ সাত মাস পর কবর থেকে অভিনেত্রী তানজিন তিশার সহকারী ও জুলাই গণঅভ্যুত্থানে শহিদ আল-আমিনের লাশ তোলা হয়েছে। 

গত ১০ মার্চ দুপুরে মুন্সিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজের নেতৃত্বে এবং উত্তরা পশ্চিম থানা ও শ্রীনগর থানা পুলিশের তত্ত্বাবধানে শ্রীনগর উপজেলার বালাসুর কাশেমনগর কবরস্থান থেকে আল-আমিনের মরদেহ উত্তোলন করা হয়। 

এ ঘটনায় নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেত্রী তানজিন তিশা।  মঙ্গলবার (১১ মার্চ) রাত ১১টার দিকে সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড পেজে এক পোস্টে তিশা লিখেছেন, ‘আল-আমিন, শুধু সহকারী নয়, সে আমার ভাই।  যে আমার সঙ্গে পাঁচটি বছর ছিল।  যে ছিল নিষ্পাপ একটি ছেলে এবং সে জুলাই ও আগস্টের আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে শহিদ হয়। ’

এ অভিনেত্রী লিখেছেন, ‘সাত মাস পর আল-আমিনের মরদেহ কবর থেকে উঠানোর মতো নির্মম বিষয়টি আমি মোটেও সমর্থন করছি না।  এই কর্মের মাধ্যমে কী লাভ হবে? শুধু ওর আত্মাটা কষ্ট পাচ্ছে।  পুরো বিষয়টা আমি জানার পর বিষয়টি আমার কাছে মেনে নেয়া অনেক কষ্টদায়ক। ’

সবশেষ তানজিন তিশা লিখেছেন, ‘এর পেছনে যে বা যারা জড়িত তারা কোন উদ্দেশ্যে এই কাজটি করেছে? আমি চিন্তা করে খুবই হতবাক বিষয়টি নিয়ে।  ভাইয়া, তুই ভালো থাকিস। ’

পরিবার সূত্রে জনা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের ১৯ জুলাই ঢাকার উত্তরায় গুলিতে নিহত হন আল-আমিন।  পরে তাকে উত্তরা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।  পরবর্তী সময়ে ময়নাতদন্ত ছাড়াই ২০ জুলাই শ্রীনগর উপজেলার কাশেমনগর কবরস্থানে তার গ্রামের বাড়িতে দাফন করা হয়। 

ঘটনার চার মাস পর ডিসেম্বরে নিহতের বড় ভাই বাদল খলিফা বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা করেন।  এবার আল-আমিনের বাবা আইয়ুব খলিফার সম্মতিতে কবর থেকে লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ। 

বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্ত কর্মকর্তা শাহীন মাহমুদ জানান, ময়নাতদন্তের জন্য কবর থেকে ৭ মাস পর মরদেহ তোলা হয়েছে শহিদ আল-আমিনের।  মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 


keya